
গাজী যুবায়ের আলম, খুলনা :
খুলনা মহানগরীর নিরালা এলাকায় দিনেদুপুরে দুর্বৃত্তদের গুলিতে সালমান (২৩) নামের এক সিগারেট কোম্পানির কর্মী আহত হয়েছেন। এ সময় তাঁর কাছে থাকা একটি ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
আজ মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে নিরালা আবাসিক এলাকার ১৭ নম্বর রোডের তামান্না টাওয়ারের পাশে নাসিম ট্রেডার্সের সামনে এ ঘটনা ঘটে। আহত সালমান ওই এলাকার সবুজবাগের বাসিন্দা জাহাঙ্গীরের ছেলে। তিনি একটি তামাকজাত পণ্য বিপণনকারী প্রতিষ্ঠানের অফিস সহকারী (পিয়ন) হিসেবে কর্মরত।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, দুটি মোটরসাইকেলে করে আসা চারজন সশস্ত্র দুর্বৃত্ত সালমানকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিটি তাঁর পেটের ডান পাশে বিদ্ধ হয়। এরপর দুর্বৃত্তরা তাঁর সঙ্গে থাকা ব্যাগটি ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। সহকর্মীরা তাৎক্ষণিকভাবে তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
খবর পেয়ে খুলনা সদর থানা-পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছেন। পুলিশ জানিয়েছে, জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতার করতে সিসিটিভি ফুটেজ পর্যালোচনাসহ অভিযান শুরু হয়েছে।

মন্তব্য করুন