
বিশেষ প্রতিনিধি, মোঃ শাহিনুর রহমান শাহিন :
মাগুরার শালিখা উপজেলার ছান্দ্রা গ্রামে সাত বছরের এক শিশুকে পরিকল্পিতভাবে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। গুরুতর দগ্ধ অবস্থায় শিশুটি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত শিশু আবু সাঈদ (৭), পিতা আবদুল আলী ও মাতা নাগিস আকতার। অভিযুক্ত সোহেল শিকদার (১৬), পিতা পানজু শিকদার, একই গ্রামের বাসিন্দা। পরিবার সূত্রে জানা যায়, গত ২৭ এপ্রিল ২০২৬ দুপুর আনুমানিক ১টার দিকে সোহেলের চাচাত ভাই সিয়াম খেলাধুলার কথা বলে আবু সাঈদকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। পরে সেখানে সোহেল শিকদারসহ কয়েকজন উপস্থিত ছিল বলে অভিযোগ ওঠে। একপর্যায়ে আবু সাঈদের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। ঘটনাস্থলে সোহেলের আপন ছোট ভাই হুজাইফা ও চাচাত বোন বষাও উপস্থিত ছিল বলে জানা গেছে। তবে তাদের শরীরে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা আগুনে পোড়ার চিহ্ন পাওয়া যায়নি। এ কারণে পরিবারের দাবি, ছোট্ট আবু সাঈদকে পরিকল্পিতভাবেই হত্যার উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়েছে। ঘটনার পর গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে যশোর সদর হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।
এ ঘটনায় এলাকাজুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পরিবারের পক্ষ থেকেও ন্যায়বিচারের দাবি জানানো হয়েছে।

মন্তব্য করুন