
স্টাফ রিপোর্টার :
আন্তর্জাতিক সেবামূলক সংগঠন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনালের মর্যাদাপূর্ণ ‘মিশন ১.৫ মেম্বারশিপ রকস্টার’ পুরস্কার অর্জন করেছেন বিশিষ্ট লায়ন ব্যক্তিত্ব মাসুদুজ্জামান মাসুম। বিশ্বজুড়ে মেম্বারশিপ বৃদ্ধি ও শীর্ষ লায়ন স্পন্সর হিসেবে অসাধারণ অবদান রাখায় মিশন ১.৫ স্টিয়ারিং কমিটির পক্ষ থেকে তাকে এই আন্তর্জাতিক স্বীকৃতি প্রদান করা হয়।
লায়ন্স ক্লাবের বিশ্বব্যাপী সেবার পরিধি আরও শক্তিশালী করা এবং দেড় মিলিয়ন (১৫ লাখ) সদস্যের ঐতিহাসিক লক্ষ্য অর্জনের প্রয়াসকে উদ্যাপন করতেই এই বিশেষ সম্মাননার আয়োজন। মাসুদুজ্জামান মাসুম সংশ্লিষ্ট সেবা বর্ষে বিশ্বজুড়ে সবচেয়ে বেশি নতুন সদস্য স্পন্সর করা শীর্ষ ১৫০ জন লায়নের একজন হিসেবে এই অনন্য গৌরব অর্জন করেছেন।
এই অসামান্য মাইলফলক অর্জনের স্বীকৃতিস্বরূপ তাকে বিশেষ পিন ও সম্মাননা ফলক (ক্রেস্ট) দিয়ে ব্যক্তিগতভাবে অভিনন্দন জানিয়েছে স্টিয়ারিং কমিটি। কমিটির পক্ষ থেকে জানানো হয়, মিশন ১.৫-এর প্রতি তার কঠোর পরিশ্রম, নিষ্ঠা ও আত্মোৎসর্গ বিশ্বজুড়ে সহকর্মী লায়নদের গভীরভাবে অনুপ্রাণিত করছে। এর মাধ্যমে ক্লাবগুলোর সাংগঠনিক ভিত্তি আরও সুদৃঢ় হচ্ছে, যা সমাজের সুবিধাবঞ্চিত ও অভাবগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর সক্ষমতা বহুগুণ বাড়িয়ে দিচ্ছে।
মাসুদুজ্জামান মাসুমের এই সাফল্যে উষ্ণ অভিনন্দন জানিয়ে নেতৃবৃন্দ প্রত্যাশা করেন, সেবামূলক এই অভিযাত্রা ভবিষ্যতে আরও শক্তিশালী ক্লাব, ব্যাপক মানবিক প্রভাব এবং একটি উজ্জ্বল সমাজ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মন্তব্য করুন